নারীর ক্ষমতায়ন, অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণের প্রত্যয়ে সুবর্ণচরে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বেগম রোকেয়া দিবস ২০২৫। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় সুবর্ণচর উপজেলা প্রশাসন ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল—
“আমিই রোকেয়া” এবং “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন ও উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দ জহুর আহমদ।
বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্র থেকে কর্মক্ষেত্র—সব জায়গায় নারীরা এখন পুরুষের সঙ্গে সমানতালে এগিয়ে চলছেন। বেগম রোকেয়ার স্বপ্নের সেই সমতাভিত্তিক সমাজ গঠনে আমরা দ্রুত এগোচ্ছি। তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সবার আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
অনুষ্ঠানে এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।