
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় যৌথবাহিনীর টহল পরিচালনা করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ও জোড়কানন পশ্চিম ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ টহল পরিচালিত হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।
টহল চলাকালে সুয়াগঞ্জ বাজার, চৌয়ারা বাজারসহ বিভিন্ন এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় নির্বাচনকালীন সার্বিক পরিস্থিতি সম্পর্কে জনসাধারণকে আশ্বস্ত করা হয় এবং সবাইকে নির্ভয়ে ভোট প্রদানের জন্য উৎসাহিত করা হয়। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে সহিষ্ণুতা ও শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথবাহিনীর টহল কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।