
নওগাঁর পত্নীতলায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৬টি ভারতীয় মহিষ, একটি ইঞ্জিনচালিত ভটভটি গাড়ি ও ৪টি মোবাইল ফোনসহ চারজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের আওতাধীন বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২৬৩/৪-এস থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলার ধামইরহাট থানার বিহারীনগর এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন— মোঃ রাশেদুল ইসলাম (২৬), পিতা-মোঃ খায়রুল ইসলাম; মোঃ জহুরুল ইসলাম (৪০), পিতা-মোঃ মেহের আলী; মোঃ হুমায়ুন কবির (৩৮), পিতা-মৃত গিয়াস উদ্দিন;
মোঃ তরিকুল ইসলাম (৩৫), পিতা-মোঃ বেল্লাল হোসেন। তারা সকলেই ধামইরহাট থানার বাসিন্দা এবং নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, আটককৃত গবাদিপশু ও অন্যান্য মালামালসহ চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পরবর্তীতে তাদের ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য প্রায় ২২ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।
এ বিষয়ে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সব ধরনের চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।