
বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে ওসি তৌহিদুল আনোয়ার জানান, সাজ্জাদ হোসেনকে মাত্র থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ও অন্যান্য বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে।
সাজ্জাদ হোসেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
গত ৫ আগস্টের পর তিনি কিছুদিন আত্মগোপনে থাকলেও পরবর্তীতে প্রকাশ্যে চলাফেরা ও সোশ্যাল মিডিয়ায় বা অনলাইন প্লাটফর্মকে ব্যবহার করে রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সহিংসতা, অরাজকতা ও শান্তি বিনষ্টের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, তার গ্রেফতারের ঘটনায় কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই আলোচনা সৃষ্টি হয়েছে। তবে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ এবং তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত জানায়নি।
এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।