
অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সারাদেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ।
গত ২৯ আগস্ট ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।
অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ অর্জন পুরো কুমিল্লা জেলা পুলিশের টিমওয়ার্কের ফল। এ স্বীকৃতি ভবিষ্যতে আরও গতিশীলভাবে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের পাশাপাশি কুমিল্লাবাসী ও জনপ্রতিনিধিদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। অপরাধ দমন, মাদক ও অস্ত্রবিরোধী অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।